ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

চীন অসাধারণ, আমি দেশটির বড় ভক্ত: ইলন মাস্ক

প্রকাশিত: 20 November 2026, 6:13 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

চীনের প্রতি নিজের গভীর অনুরাগ প্রকাশ করে দেশটিকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তিনি বলেন, চীনে পর্যটকদের দেখার মতো ‘অসাধারণ সব ভবন ও প্রাকৃতিক বিস্ময়’ রয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ চীনের শেনচেনে অনুষ্ঠিত এপেক ইকোনমিক লিডার্স মিটিংয়ের পার্শ্ববৈঠকে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদের (সিসিপিটিটি) চেয়ারম্যান রেন হোংপিনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন মাস্ক।

তিনি বলেন, আমি সবসময় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে বলি, চীনকে বুঝতে হলে সেখানে যেতে হবে। তাহলেই তারা দেশটি সম্পর্কে প্রকৃত ধারণা পাবেন। চীনে দেখার মতো অনেক কিছু রয়েছে। এখানে অসাধারণ সব ভবন ও প্রাকৃতিক বিস্ময় রয়েছে।

তিনি আরও বলেন, একবার আমি বেইজিং থেকে সি’আন পর্যন্ত বুলেট ট্রেনে ভ্রমণ করেছিলাম। সেখানে টেরাকোটা বীরদের দেখতে গিয়েছিলাম, যা বিশ্বের অন্যতম বিস্ময়। সেটি ছিল অসাধারণ এক ভ্রমণ। চীনের রেলব্যবস্থাও অত্যন্ত উন্নত। আমি চীনের একজন বড় ভক্ত।

যুক্তরাষ্ট্র ও চীনের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান মাস্ক।

তিনি বলেন, আমি বিশ্বের অন্যান্য দেশের মানুষকে সব সময় চীন ভ্রমণ করতে এবং দেশটির অসাধারণ দর্শনীয় স্থানগুলো দেখতে উৎসাহিত করি। আমার মনে হয়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সুসম্পর্ক এবং যৌথ সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নিরপেক্ষভাবে বলতে গেলে, চীন অত্যন্ত ভালো করছে। যুক্তরাষ্ট্রও অত্যন্ত ভালো করছে। দুই দেশের মধ্যে যত বেশি সহযোগিতা হবে, উভয় দেশের জন্যই তা ততো বেশি মঙ্গলজনক হবে।

মন্তব্য করুন