ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শান্তি বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনে রাশিয়ার বিশাল ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

প্রকাশিত: 20 November 2026, 5:53 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলা এই হামলায় অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, সঙ্গে ছিল প্রায় ৪০০টি ড্রোন। হামলায় আটজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্য ছিল সাধারণ বেসামরিক স্থাপনা — হাসপাতাল, আবাসিক ভবন, বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো। তিনি জানান, ২০ থেকে ৩০ মিনিট বিরতি দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যাতে আগুন নেভানো ও উদ্ধারকাজ ব্যাহত হয়।

রাজধানী কিয়েভের তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে শহরের দুই পাশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খারকিভের একটি হাসপাতালসহ দনিপ্রোপেত্রভস্ক, লভিভ, ভিনিৎসিয়া, সুমি ও চেরনিহিভ অঞ্চলের আবাসিক ভবনে হামলা হয়। কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, যখন তাপমাত্রা শূন্যের নিচে নামতে শুরু করেছে।

হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটে। পোলিশ সরকার জানায়, ভোরে যুদ্ধবিমান ওড়ানো হয় এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

এর কয়েক ঘণ্টা আগেই চীনের শেনজেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের জানান, পুতিন ‘ক্লান্ত’ এবং শান্তির জন্য প্রস্তুত। কিন্তু বৈঠকে যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সামরিক ও জ্বালানি স্থাপনা, ওদেসা অঞ্চলের বন্দর এবং কিয়েভের পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মন্তব্য করুন