জেলা প্রতিনিধি :
ভারতের উপহারে পাওয়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্সটি এখন পড়ে থেকে অকেজো হয়ে যাচ্ছে। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের কাজে ব্যবহৃত এই অ্যাম্বুলেন্সটির সেবা চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ২৬ নভেম্বর রাতে ভারত সরকার এই আইসিইউ অ্যাম্বুলেন্সটি উপহার দেয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে। তবে প্রায় সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও এখনও এটি কার্যকরী হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোর কোনও আইসিইউ সেবা নেই। তাই এই অ্যাম্বুলেন্সটির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু প্রশিক্ষিত চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবের কারণে এটি চালু করা যাচ্ছে না।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুত কুমার রায় জানান, “রোগী বহনে আইসিইউ অ্যাম্বুলেন্স থাকলেও জনবল না থাকায় এটি চালু করা সম্ভব হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আইসিইউ ইউনিট চালু হলে অ্যাম্বুলেন্সটি সচল করা যাবে।”
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, “আইসিইউ অ্যাম্বুলেন্সটি হাসপাতালের তত্ত্বাবধায়কের অধীনে রয়েছে, তবে এটি চালু করার জন্য প্রশিক্ষিত জনবল ও চিকিৎসক প্রয়োজন। জনবল না থাকায় অ্যাম্বুলেন্সটি অব্যবহৃত পড়ে আছে।”
এ অবস্থায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সটি দ্রুত সচল করার জন্য পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।











