নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামের সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা বডার গার্ড বাংলাদেশ (বিজিবির) বাধায় প্রতিহত হয়েছে। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জন এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
চুয়াডাঙ্গা: শনিবার (১৩ জুন) দিবাগত ভোররাতে ৭৬/৭৭ পিলার দিয়ে ১১ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী।
এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ দিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আজ রোববার ভোরে উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে প্রতিহত করে বিজিবি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন।
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।











