জগন্নাথপুরে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জগদীশপুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারি থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের মধ্যে গুলি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে ইমন মিয়া (২৩), সোহাগ (১৪), দুকু মিয়া (৪৭), গফফার মিয়া (২৫), মাহফুজ মিয়া (১৭), রুমান (২৫), আলাই মিয়া (৩৯), আব্দুর রউফ (৩৫) ও সাদিকুর রহমান (২০)–কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি।