জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের নতুন নিয়োগে মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে চুক্তিভিত্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
আজ (শনিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
প্রসঙ্গত, চলতি বছরের ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর থেকে মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল। প্রায় তিন সপ্তাহ পর সেই শূন্যপদে এ নিয়োগ এলো।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে পাঠানো হয় মো. এহছানুল হককে। তবে ২০২৪ সালের ১৯ আগস্ট সরকার তাঁকে চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেয় এবং পরদিনই সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয়।
নতুন দায়িত্ব পেয়ে বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় মো. এহছানুল হক বলেন, “বদলি ও পদায়ন জনপ্রশাসনের নিয়মিত প্রক্রিয়া। যার যেখানে দায়িত্ব দেওয়া হবে, তাঁকে তা পালন করতে হবে।” তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়া তিনি জানান, নীতিনির্ধারকদের দিকনির্দেশনায় তিনি তাঁর দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
আজ সকালে সড়ক মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর দপ্তরে ছুটে আসেন। তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান অনেকে।
