জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের সংস্কার সংক্রান্ত মতামত জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই মতামত জমা দেন দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম।

জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত এই কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে।

এরই অংশ হিসেবে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনগুলোর সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় এবং স্প্রেডশিট আকারে ৩৯টি দলের কাছে মতামত চাওয়া হয়। ইতোমধ্যে ৩২টি দল তাদের মতামত জমা দিয়েছে।

এই সুপারিশগুলো চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে এলডিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং নাগরিক ঐক্যের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার বাংলাদেশ জাসদ ও জাকের পার্টির সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হবে।