জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কের সরিষাবাড়ী উপজেলার করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার নারায়ণপুরের আব্দুর রাজ্জাক, আদর্শ বটতলা গ্রামের নুরজাহাঙ্গীর আল, গেটপাড়ার আব্দুর করিম আলাল, সরিষাবাড়ী উপজেলার নলদাইরের এনাম ফকির ও ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার আরিফুল ইসলাম। গুরুতর আহত আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি করগ্রাম এলাকায় পৌঁছালে একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।