জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
নিজস্ব প্রতিবেদক:
আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) সাড়ে ৩টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার জানান, “দুপুরে আদালতের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে এবং নতুন কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
এর আগে সোমবার ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন ফারিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর পাঠানো হয়।
রোববার (১৮ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, গণ-অভ্যুত্থানকালীন সহিংসতায় করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় হত্যাচেষ্টার অভিযোগে তাকে আসামি করা হয়।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভক্তদের অনেকেই তার মুক্তিতে স্বস্তি প্রকাশ করলেও, অনেকে এই মামলার স্বচ্ছ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
