নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে জামিন মঞ্জুর করেছেন। উর্মির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শহিদ আবু সাঈদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে মানহানির মামলা করা হয়েছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। তার আইনজীবী জামিন চাইলেও বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে।
গত ৮ অক্টোবর উর্মির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সরকার বিরোধী বক্তব্য পোস্ট করে জনমনে ভীতি সৃষ্টি করেন।
এরপর, গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার আদালতে মানহানির মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে ২৮ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।
এদিকে, মামলার অভিযোগে বলা হয়েছে যে, উর্মির ফেসবুক পোস্ট সরকারের বিরুদ্ধে বিষোদগার করে এবং সংবিধানসম্মতভাবে গঠিত সরকার এবং তার প্রধানের বিরুদ্ধে অবমাননা করে, যা জনমনে ভয় সৃষ্টি করেছে।











