নিজস্ব প্রতিবেদক:
আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে বিশেষ সাবমিশন শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ তার জামিন মঞ্জুর করেন।
অভিনেত্রীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, “আমাদের উপস্থাপিত সাবমিশনে আদালত সন্তুষ্ট হয়ে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন।”
জানা যায়, আদালতে হাজির করার পর ফারিয়াকে প্রথমে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন সোমবার আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।











