জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ২-০’তে সিরিজ জিতল আফগানিস্তান

অনলাইন ডেস্ক:

জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০’তে জয়ী হয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর, আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে জয় পায়। তৃতীয় ম্যাচে, জিম্বাবুয়েকে ৮ উইকেটে পরাজিত করে সিরিজ নিশ্চিত করে আফগানিস্তান।

হারারে স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। আল্লাহ মোহাম্মদ গাজানফারের বোলিং ঘূর্ণির সামনে তারা ২৪ রানে ৩ উইকেট হারায়। এরপর চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করেন শেন উইলিয়াম ও সিকান্দার রাজা। রাজা ১৩ রান করে আউট হলে আবারও ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন উইলিয়াম। আফগানিস্তানের হয়ে ৫ উইকেট নেন আল্লাহ মোহাম্মদ গাজানফার, আর ৩ উইকেট নেন রাশিদ খান।

১২৮ রান তাড়া করতে নেমে আফগানিস্তান ৮৪ রানের ওপেনিং জুটি গড়েন সেদিকউল্লাহ অটল ও আব্দুল মালিক। মালিক ২৯ রান করে আউট হন। সেদিকউল্লাহ অটল অর্ধশতক পূর্ণ করে ৫২ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৩৫ রানের একটি জুটি গড়ে আফগানিস্তান সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। রহমত শাহ ১৭ রানে অপরাজিত থেকে যান এবং হাশমতউল্লাহ শহীদি ২০ রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ত্রিভর গোয়ানডু।

এছাড়া, আফগানিস্তান তাদের দারুণ দলীয় পারফরম্যান্স দিয়ে সিরিজ নিশ্চিত করেছে এবং ওয়ানডে ক্রিকেটে আরও একটি বড় জয় তুলে নিয়েছে।