জিয়াউল আহসানের মামলার পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের আমালে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। এ বিষয়ে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নahar।
এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এর আগে গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য নেওয়া হয়।
এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটি হলো—২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজন হত্যা। দ্বিতীয় অভিযোগের অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়। এছাড়া তৃতীয় অভিযোগে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন, অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিনে ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
