ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের সাতটি জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৪ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। মূলত শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তারা কাজ করছেন।
এদিকে, মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
