জুলাই শুধু মুক্তির মাস নয়, এটি পুনর্জন্মের মাস: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
“জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়”— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জুলাই বিপ্লবের ১ বছর’ পূর্তি উপলক্ষে জাতিসংঘ মানবাধিকার মিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “সংস্কার কাগজে-কলমে নয়, মনের গভীর থেকে আনতে হবে। জাতির ভিতরে এমন কিছু রয়ে গেছে, যা দমন করলেও থেকে যায়। তাই সেই বীজ নির্মূল করতে হবে।”
তিনি বলেন, “জুলাইয়ের শিক্ষা এখনো তাজা। মাঝে মাঝে ভয় হয়, আমরা যেন এই শিক্ষা ভুলে না যাই। যদি গভীর সংস্কার না হয়, তবে দেশে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে।”
গণহত্যার বিচার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “এমনভাবে বিচার করতে হবে যাতে রাষ্ট্রীয় ক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহৃত না হয়।”
লিখিত বক্তব্যে তিনি জানান, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। তবে বিচার মানে কেবল শাস্তি নয়—এটি এমন একটি ব্যবস্থা তৈরি করা, যা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে।
তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এমন একটি রাজনৈতিক কাঠামো তৈরি করা হচ্ছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।”
ড. ইউনূস স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট এবং গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময়েও জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে ছিল।
