অনলাইন ডেস্ক:
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, তার তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন। সৌদি আরবের কিছু ক্লাব ভিনিসিয়ুসকে দলে নেওয়ার জন্য প্রস্তাব দিলেও, আনচেলত্তির বিশ্বাস, ব্রাজিলিয়ান এই তারকা ‘গৌরব’কে টাকার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে রিয়াল মাদ্রিদেই থাকবেন।
ইউরোপ ভিত্তিক গণমাধ্যমে চলতি মাসের শুরু থেকে দাবি করা হচ্ছে, সৌদি প্রো লিগের বেশ কিছু ক্লাব ভিনিসিয়ুসকে দলে নেওয়ার ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে। মাদ্রিদ ভিত্তিক পত্রিকা মার্কা দাবি করে, সৌদি ক্লাব আল আহলি রিয়াল মাদ্রিদকে ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি লোভনীয় প্রস্তাব দিতে প্রস্তুত। এর আগেও সৌদি ক্লাবগুলো এই ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, ডিয়ারিও এএস জানিয়েছে, সৌদি একটি ক্লাব ভিনিসিয়ুসকে পাঁচ বছরের চুক্তি প্রস্তাব করতে প্রস্তুত, যেখানে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়া হবে। তবে রিয়ালের বর্তমান চুক্তির রিলিজ ক্লজ ১০০০ মিলিয়ন ইউরো।
এ সব প্রস্তাবের প্রেক্ষাপটে রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি সাবেক তারকা টনি ক্রুসের উদাহরণ টেনে বলেছেন, “ফুটবলে সবকিছুই বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়া অনেকেই বুঝতে পারেননি, কিন্তু আমি পেরেছিলাম। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।” আনচেলত্তি বিশ্বাস করেন, ভিনিসিয়ুস টাকার চেয়ে গৌরবকেই বেছে নেবেন। “ভিনি এখানে দারুণ অবস্থানে আছে। সে রিয়ালে শিরোপা জিততেই অপেক্ষা করছে, এবং আমি মনে করি সে গৌরব বেছে নেবে,” বলেন আনচেলত্তি।
এদিকে, রিয়াল মাদ্রিদ বর্তমানে চ্যাম্পিয়নস লিগে ব্রেস্তের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে। আনচেলত্তি জানিয়ে দেন, রিয়াল তাদের খেলা নিয়েই মনোযোগী থাকবে, আর টেবিলের উপরের দিকে থাকতে লক্ষ্য থাকবে তাদের। “আমরা আমাদের খেলা নিয়ে মনোযোগী থাকব, লক্ষ্য হলো জেতা এবং যতটা সম্ভব টেবিলের উপরের দিকে থাকা। এরপর যা হবে তা দেখা যাবে,” মন্তব্য করেন আনচেলত্তি।











