টাঙ্গাইলে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর, বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুরে ফুল বিক্রি করায় একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কলেজরোডে মামা গিফট কর্নারে এই হামলা চালানো হয়। দোকানদার অভিযোগ করেন, বিক্রির জন্য রাখা ফুল রাস্তায় ফেলে দেওয়া হয় এবং দোকানটি ভাঙচুর করা হয়।

দোকানদার আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে ফুল বিক্রি করছেন। কিন্তু ওই দিন কিছু লোক এসে তাকে অভিযোগ করে বলেন, “ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছেন?” এবং স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানায়। তাদের স্লোগান ছিল, “ভালোবাসা দিবস চলবে না, চলবে না” ও “প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে”।

এদিকে, ভূঞাপুরে উদীচী সংগঠনের বসন্তবরণ অনুষ্ঠানও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, ওই দিন ঘটনার পর অনুষ্ঠানে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে তারা বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে অনুষ্ঠান আয়োজন করা হবে।

এছাড়া, বিভিন্ন রেস্টুরেন্টে ‘ভালোবাসা বিরোধী’ বিক্ষোভেরও ঘটনা ঘটেছে। নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান জানান, গত বৃহস্পতিবার একদল লোক তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন এবং সেদিন তারা ভালোবাসা বিরোধী স্লোগান দেন। বাধ্য হয়ে পরদিন প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানিয়েছেন, তিনি এই ঘটনার বিষয়ে কিছু জানেন না এবং এ পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।