অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে আব্দুস সালাম মিয়া (৪৮) নামের এক মুদি দোকানিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করার পর লাশটি স্থানীয় একটি লেবুর বাগানে ফেলে রেখে যায়।
নিহত আব্দুস সালাম মিয়া হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদির দোকান পরিচালনা করতেন। নিহতের স্ত্রী বাছাতন বেগম জানান, বুধবার রাত ১০টার দিকে আব্দুস সালাম তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, কিন্তু রাতে তিনি বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা তাকে সারারাত খুঁজে না পেয়ে বৃহস্পতিবার সকালে তার লাশ বাড়ির পাশে লেবু বাগানে দেখতে পান।
স্থানীয়রা ও পুলিশ সদস্যরা জানিয়েছেন, নিহত আব্দুস সালাম মিয়া উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। ঘটনার পরপরই সখিপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সখিপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আমরা ময়নাতদন্তের পর দ্রুত হত্যার রহস্য উদঘাটন করব এবং অপরাধীদের গ্রেপ্তার করব।’’
এ ঘটনায় মামলা প্রস্তুতির কাজ চলছে এবং স্থানীয়রা হত্যার বিচার দাবি করেছেন।











