প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ জন্য দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠানোর পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে ঢাকা।

 

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সরকারের এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রাখছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্য সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় সফর নিয়ে চলমান প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে।

 

এ কে এম শহীদুল করিম বলেন, “আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।”

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুত ফেরত পাঠানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের হত্যাকারীদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

 

তিনি বলেন, “আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি।”

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে আগস্টের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফরের জন্য সম্ভাব্য একটি তারিখ বাংলাদেশকে প্রস্তাব করেছে ভারত। তবে ওই তারিখের পরিবর্তে কাছাকাছি সময়ে সফর আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অব্যাহত রাখবে।