অনলাইন ডেস্ক:
বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের ফোর্বসের বার্ষিক তালিকায় এবারও শীর্ষে ক্রিস্তিয়ানো রোনালদো। টানা চতুর্থবার এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো এই জায়গাটি ধরে রেখেছেন পর্তুগিজ এই তারকা। গত ১২ মাসে কর ও এজেন্ট ফি বাদে তাঁর মোট আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা।
ফোর্বস প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ কোটি ডলারের এই আয় বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের রেকর্ড স্পর্শ করেছে। ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরু করার পর এটি এক বছরে যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড। মুদ্রাস্ফীতি সমন্বয় করলে অবশ্য মেওয়েদারের সেই আয় এখনকার মূল্যে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান।
রোনালদোর এই আয়ের বড় অংশ এসেছে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে খেলার চুক্তি থেকে। ফোর্বস জানিয়েছে, শুধু মাঠের পারিশ্রমিক বাবদ তিনি পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার এসেছে বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, লাইসেন্সিং এবং স্মারক বিক্রি থেকে। বিনান্স, নাইকি ও পার্পলেক্সিটির মতো বড় ব্র্যান্ডের সঙ্গে রয়েছে তাঁর দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব।
ষষ্ঠবার শীর্ষে ওঠায় বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসেছেন রোনালদো। তবে গলফ তারকা টাইগার উডসের রেকর্ড ১১ বার শীর্ষে থাকার কীর্তি এখনও তাঁর নাগালের বাইরে। মাঠের বাইরেও থেমে নেই রোনালদো। ফোর্বস জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন তিনি। আল নাসরের সঙ্গে তাঁর চুক্তি আরও দুই বছরের জন্য নবায়ন হয়েছে।
দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। রিংয়ে সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ হারালেও আয়ে পিছিয়ে পড়েননি তিনি। ফোর্বস জানিয়েছে, তাঁর মোট আয় ১৭ কোটি ডলার, যার মধ্যে ১৬ কোটি ডলারই এসেছে ম্যাচ ফি থেকে। তৃতীয় স্থানে ইন্টার মায়ামির লিওনেল মেসি, আয় ১৪ কোটি ডলার। চতুর্থ লেব্রন জেমসের আয় ১৩ কোটি ৭৮ লাখ ডলার এবং পঞ্চম শোহেই ওহতানির আয় ১২ কোটি ৭৬ লাখ ডলার।
ওহতানির বিষয়ে ফোর্বস জানিয়েছে, মাঠের বাইরে আয়ে তিনি সবার উপরে। তাঁর আনুমানিক ১২ কোটি ৫০ লাখ ডলার আসে স্পনসরশিপ থেকে। ৩৬ বছরের ফোর্বস ট্র্যাকিং ইতিহাসে কেবল এমএমএ তারকা কনর ম্যাকগ্রেগর তাঁর চেয়ে বেশি অফ-ফিল্ড আয় করেছেন, মূলত হুইস্কি ব্র্যান্ড বিক্রির মাধ্যমে।
এবারের তালিকায় একটি নজরকাড়া প্রবণতা চোখে পড়েছে। শীর্ষ দশের গড় বয়স ৩৭, যা ফোর্বসের ইতিহাসে সর্বোচ্চ। রোনালদো, লেব্রন জেমস ও ফেরারির লুইস হ্যামিলটন তিনজনই ৪১ বছর বয়সী। ফোর্বস জানিয়েছে, হ্যামিলটন গত ১২ মাসে ১০ কোটি ডলার আয় করেছেন, যা ফর্মুলা ওয়ান ইতিহাসে নতুন রেকর্ড।
সামগ্রিকভাবে শীর্ষ ১০ অ্যাথলেট একসঙ্গে আয় করেছেন ১৪০ কোটি ডলার। শীর্ষ ৫০ অ্যাথলেটের মোট আয় ৪১০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম। তবে মুদ্রাস্ফীতি সমন্বয় ছাড়াই এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড বলে জানিয়েছে ফোর্বস। ১৮টি দেশ ও আটটি ভিন্ন খেলার প্রতিনিধিত্ব রয়েছে তালিকায়। সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব বাস্কেটবলের, ২০ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন তালিকায়।











