হেডের বাড়ানো হাত উপেক্ষা করলেন কোহলি, আইপিএলে নতুন হ্যান্ডশেক বিতর্ক

অনলাইন ডেস্ক:

মাঠের স্লেজিং শেষ হলেও উত্তাপ থেমে থাকেনি। শুক্রবার (২২ মে) হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৫ রানে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষে করমর্দন পর্বে হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড হাত বাড়িয়ে দিলেও সেটি সম্পূর্ণ উপেক্ষা করে সামনে এগিয়ে যান বিরাট কোহলি। এই মুহূর্তের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

 

ঘটনার শুরু মূলত রান তাড়ার চতুর্থ ওভারে। ওই সময় হেডের দিকে উত্তেজিত হয়ে এগিয়ে যান কোহলি এবং ইশারায় তাকে বল করতে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন। একই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ারের ভঙ্গি করে হেডকে ঠাট্টাও করেন তিনি। এই মৌসুমে বেশিরভাগ ম্যাচেই হেডকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছে হায়দরাবাদ, মূলত ব্যাটিংয়ের জন্য, ফিল্ডিং খুব একটা করানো হয়নি তাকে।

 

কয়েক বল পরই ১১ বলে ১৫ রান করে সাকিব হুসেইনের স্লোয়ারে আউট হয়ে যান কোহলি। তখন হেড এগিয়ে এসে বলেন, “মেইট, আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!” এরপর ম্যাচের শেষ দিকে সত্যিই বোলিংয়ে আসেন হেড এবং বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারকে আউট করেন। ৩৯ বলে ৫৬ রান করা পাতিদারের উইকেট নেওয়া হেডের জন্য এই মৌসুমে ছিল প্রথম বোলিং অভিজ্ঞতা।

 

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা যখন লাইন ধরে করমর্দন করছিলেন, তখন কোহলি স্বাভাবিকভাবেই হাত মেলান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স ও অভিষেক শর্মার সঙ্গে। এরপরই ছিলেন হেড। তিনি হাত বাড়িয়ে দিলেও তার দিকে একবারও না তাকিয়ে সামনে এগিয়ে যান কোহলি এবং ঈশান কিষানসহ বাকি সবার সঙ্গে হাত মেলান।

 

কোহলির এই আচরণ মোটেও ভালোভাবে নেননি ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। টেলিভিশনে তিনি বলেন, “দেখুন, খেলার সময় উত্তেজনার মুহূর্তে অনেক কিছুই হতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু এরপর যা ঘটল, তা ঠিক হয়নি মোটেও।” মাঠে আগ্রাসন থাকতে পারে, তা খেলারই অংশ বলে স্বীকার করলেও ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানানোকে কোহলির মতো বড় খেলোয়াড়ের কাছ থেকে অনুচিত আচরণ বলে মন্তব্য করেন তিনি।

 

এদিকে ৫৫ রানের বড় জয় পেলেও পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই শেষ করেছে হায়দরাবাদ। আর শীর্ষে থেকেও এই হারের পর বেঙ্গালুরুর পয়েন্ট তালিকার অবস্থান কিছুটা চাপে পড়েছে। তবে আইপিএলের প্লে অফে আবার মুখোমুখি হতে পারে দুই দল। সেই ম্যাচে কোহলি ও হেডের সম্পর্কে নতুন কোনো মোড় আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।