টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৫টি উইকেট, ১৪৫ রানে এগিয়ে ভারত 

অনলাইন ডেস্ক:

টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে দুই দলের মধ্যে মোট ১৫টি উইকেট পড়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৮১ রানে অলআউট হওয়ার পর ভারতের দ্বিতীয় ইনিংসে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। তবে ভারত এখনও ১৪৫ রানে এগিয়ে রয়েছে।

প্রথম ইনিংসে হতশ্রী ব্যাটিংয়ের পর অজি ব্যাটসম্যানদের অলআউট করে ম্যাচে কামব্যাক করেছে ভারত। তবে তাদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পেসার জাসপ্রীত বুমরাহ। ইনজুরির কারণে তিনি মাঠ ছেড়েছেন এবং লাঞ্চের পর মাত্র এক ওভার বল করে হাসপাতালের স্ক্যান পরীক্ষার জন্য চলে যান।

অস্ট্রেলিয়া ১ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অভিষিক্ত বাউ ওয়েবস্টার, ৩৩ রান করেন স্টিভ স্মিথ, স্যাম কনস্টাস করেন ২৩ রান, অ্যালেক্স ক্যারি ২১ রান এবং প্যাট কামিন্স ১০ রান করেন। বাকি সবাই সিঙ্গেল ডিজিটে আউট হন। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা, ২টি করে নিতিশ কুমার রেড্ডি ও বুমরাহ।

ভারত ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে এবং শুরুতেই স্কট বোল্যান্ডের তোপে ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। ভিরাট কোহলি ৬ রানে আউট হন, শুভমান গিল ও কেএল রাহুল দুজনেই ১৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর রিশাব পান্ট অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণ করেন, ৩৩ বলে ৬১ রান করে আউট হন। তার ইনিংসে ছিলো ৬টি চার ও ৪টি ছয়ের মার। রবীন্দ্র জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট শিকার করেছেন স্কট বোল্যান্ড, এবং ১টি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ও বাউ ওয়েবস্টার।