নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করে প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল স্থলবন্দর থেকে চারটি বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে না পেরে ফিরে এসেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এসব ট্রাক ঢাকায় ফিরে আসে।
ভারত সরকার গত মঙ্গলবার (৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের তৃতীয় দেশের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশের সময় ও ব্যয় সাশ্রয়ী রপ্তানি কার্যক্রমে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস থার্ডকান্ট্রি পণ্যের জন্য ‘কার্পাস’ ইস্যু না করায় ট্রান্সশিপমেন্ট পণ্যবাহী ট্রাকগুলো ভারতে ঢুকতে পারেনি। তবে ভারতের অভ্যন্তরীণ রপ্তানির জন্য পাঠানো পণ্যের চালান এখনো স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠির ভিত্তিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করা হয়েছে।
বেনাপোলের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মোহসিন মিলন বলেন, “ভারতের এমন হঠাৎ সিদ্ধান্ত দুই দেশের ব্যবসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে। আমরা আশা করি, ভারত সরকার পুনর্বিবেচনা করবে এবং সম্পর্কোচিত বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখবে।”
সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় বেনাপোল থেকে চারটি রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ফেরত গেছে, যা রপ্তানিকারকদের জন্য বড় আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।











