নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী ও কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ শীর্ষ পর্যায়ের নেতারা। তারা জানান, একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠন করা হয়।
এর আগে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার।











