নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭১টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ, যেখানে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৬ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৯ জন রয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি (VoIP) মেশিন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের ৪ হাজার ৮৪৬টি সিম উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি কেবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসিটিভি ক্যামেরা ও ১২টি ল্যাপটপ চার্জার উদ্ধার করা হয়।
অভিযানে ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে উদ্ধার করা হয়েছে ১৪ কেজি গাঁজা, ৯১৪টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।











