অনলাইন ডেস্ক:
সম্প্রতি ডেনমার্ক একটি ব্যঙ্গাত্মক পিটিশনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কেনার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ডেনমার্ক ট্রাম্পের পূর্ববর্তী উদ্যোগকে ব্যঙ্গ করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
ডেনমার্কের পিটিশনটি ইতোমধ্যে দুই লাখের বেশি নাগরিক স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে, “আপনি কি কখনও মানচিত্রে তাকিয়ে ভেবেছেন, ডেনমার্কের কি দরকার? আরও রোদ, পাম গাছ এবং রোলার স্কেট।” পিটিশনে ডেনমার্কের নাগরিকরা দাবি করেছেন, “এখন আমাদের হাতে একমাত্র সুযোগ আছে সেই স্বপ্নটিকে বাস্তবে পরিণত করার। চলুন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে ফেলি!”
এছাড়া পিটিশনে আরও লেখা হয়েছে, “হলিউডে আনবো ‘হুগা’ সংস্কৃতি, বেভারলি হিলসে বাইক লেন এবং প্রতিটি মোড়ে পরিবেশবান্ধব স্মোরেব্রড খাবারের দোকান। আইনের শাসন, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং বাস্তবভিত্তিক রাজনীতি এখানে প্রযোজ্য হবে।” পিটিশনের মূল স্লোগান ছিল, “মেক ক্যালিফোর্নিয়া গ্রেট এগেইন”।
এদিকে, এই পিটিশনটি যখন ব্যঙ্গাত্মক, তখন ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ছিল যথেষ্ট গুরুতর। ২০১৯ সালে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা এবং আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদের সুবিধা লাভের জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডের বিক্রি নিয়ে বলেন, “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এটি গ্রিনল্যান্ডবাসীদের।” অন্যদিকে, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে জানিয়েছেন, “আমরা গ্রিনল্যান্ডবাসী। আমরা আমেরিকান হতে চাই না, এমনকি ড্যানিশও নয়। আমাদের ভবিষ্যৎ আমরাই নির্ধারণ করব।”
গ্রিনল্যান্ড কেনার বিষয়ে রিপাবলিকান প্রতিনিধি বাডি কার্টার একটি বিল উত্থাপন করেছেন, যেখানে দ্বীপটির নাম পরিবর্তন করে “রেড, হোয়াইট অ্যান্ড ব্লুল্যান্ড” রাখার প্রস্তাব করা হয়েছে। যদিও ডেনমার্কের পিটিশনটি ট্রাম্পের ভূমি দখলের প্রবণতাকে ব্যঙ্গ করেছে, তবে এটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।











