ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঢাকাকে বাসযোগ্য করতে ৩৯ হাজার প্রবীণকে সম্পৃক্ত করবে সরকার

প্রকাশিত: 14 November 2026, 9:50 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩৯ হাজার প্রবীণ নাগরিককে বিশেষ কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন এই প্রবীণদের সম্পৃক্ত করে ঢাকা শহরকে আরও বাসযোগ্য করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে রাজধানীতে অঞ্চলভেদে ২০টি আলাদা কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও জানান, কমিটিগুলো গঠনের পর থেকে কার্যক্রমের বেশ কিছু অগ্রগতি হয়েছে। এরই মধ্যে এই কমিটিগুলো ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছে।

বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারি কোয়ার্টারগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করা না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

অন্যান্য সরকারের মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ডের মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি না দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। সবার সম্মিলিত সহযোগিতাতেই ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি জানান, আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এ ধরনের ব্যবস্থা কার্যকর থাকলেও এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্যও নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

মন্তব্য করুন