মোঃ সাকিক হারুন ভূইয়া :
সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যে এই প্রথম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, এবং ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিসরির প্রথম বাংলাদেশ সফর।
বিক্রম মিসরি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার আগে একান্তে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং তারপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে এই দুটি সাক্ষাতের সিডিউল এখনও চূড়ান্ত হয়নি।
বিক্রম মিসরি সোমবার রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।











