ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

প্রকাশিত: 10 November 2026, 10:15 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

অসদাচরণ ও দুর্নীতির দায়ে বিভাগীয় মামলা দায়েরের পর টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা এতে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত রায়হান হাবিব এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে একই পদে কর্মরত রয়েছেন।

তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ এবং বিধি ৩(খ)-এ বর্ণিত অসদাচরণ ও ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এসব গুরুতর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ০৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলাটি দায়ের করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় নিয়ে বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগীয় মামলা চলমান থাকা অবস্থায় তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এই সময়কালে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন