ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
অনলাইন ডেস্ক:
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এই আকস্মিক বিস্ফোরণে পুরো আদালতপাড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পরপরই আহত আইনজীবীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম জানান, বিস্ফোরণের পর উপস্থিত আইনজীবী ও সাধারণ জনতা রাজীব ঘোষ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
এ সময় ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতেই এই ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত রয়েছি।
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকেও ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই সময়ও জনতা দুইজনকে ধরে পুলিশে সঁপে দিয়েছিল। ওই ঘটনায় সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে পরদিন সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় আরও বেশ কযজনকে গ্রেপ্তার করা হয়।
