ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রকাশিত: 26 November 2026, 4:16 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

নেত্রকোণা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেলেও অক্ষত রয়েছেন ঘরের ভেতরে থাকা লোকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভোরে বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে বাসার ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি জানান, কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। বাসায় অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা জড়িত বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক ও দলটির নেত্রকোণা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

এদিকে অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, পুরো বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।

মন্তব্য করুন