ঢাকায় আবাসিক মিশন খুলতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং কনস্যুলার সেবা সহজতর করার লক্ষ্যে ঢাকায় মিশন স্থাপন জরুরি বলে মনে করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী, কর্মকর্তা, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা প্রক্রিয়া সহজ করার ওপরও তিনি জোর দেন।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি বলে উভয় পক্ষই একমত পোষণ করে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে একটি যৌথ বাণিজ্য ফোরাম গঠন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আলোচনার এক পর্যায়ে রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের জন্য দেশটির প্রশংসা করেন হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারে ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
