রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তিন দিনে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের পাশাপাশি নতুন চারটি দলের সঙ্গেও মতবিনিময় করা হবে।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
ইউপি নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও সম্পন্ন করবে কমিশন।
