ঢাকায় জনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। আগামীকাল রবিবার (১৮ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা ও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে:
কচুক্ষেত সড়ক
বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা
বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা
সৈনিক ক্লাব মোড়
ভাষানটেক
মাটিকাটা
ইসিবি চত্বর ও আশপাশের এলাকা
এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৫ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরও কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এসব জায়গার মধ্যে রয়েছে:
প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও বিচারপতি ভবন
জাজেস কমপ্লেক্স
সুপ্রিম কোর্টের প্রধান ফটক
মাজার গেট, জামে মসজিদ গেট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২–এর প্রবেশপথ
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট
ডিএমপি জানায়, ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া বিক্ষোভ বা দাবিদাওয়া আদায়ের নামে সড়ক অবরোধ না করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
