ঢাকায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ ও পদযাত্রায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনকারীরা মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যমুনা অভিমুখে একটি স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রা শুরু করেন। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল অব্যাহত খুন, ধর্ষণ ও নিপীড়ন রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা।

মিছিলটি শাহবাগ পার হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়, এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশের আচরণ আওয়ামী লীগের আমলের মতো মারমুখী ছিল। তারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে এসে পুলিশি হামলার শিকার হয়েছেন।

বিকাল ৪টা পর্যন্ত, আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তাদের সঙ্গে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণবিরোধী আন্দোলনে থাকা কলেজ শিক্ষার্থীরা যোগ দেন। এই সময়ে এলাকাটি আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত ছিল, এবং আইন-শৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে ছিল।