ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ জওয়ান নিখোঁজ

প্রকাশিত: 24 November 2026, 6:22 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। নিখোঁজ ওই জওয়ানকে উদ্ধারে নদীতে তীব্র তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে সন্দেহভাজন গরু পাচারকারীদের আটক করতে গিয়ে নদীতে নিখোঁজ হন বিএসএফের কনস্টেবল কে ভেনু। এ সময় তার সঙ্গে থাকা আরেক সদস্য হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নদী থেকে তীরে ফিরে আসতে সক্ষম হলেও ভেনুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে আসামের কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে। বিএসএফ সদস্যরা ওই এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের তথ্য পেয়েছিলেন। পরে তাদের আটক করার দায়িত্ব দেওয়া হয় হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনুকে।

বিএসএফ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তারা বরাক নদীতে ঝাঁপ দেন। এ সময় তাদের ধরতে দুই বিএসএফ সদস্যও নদীতে নামেন। তবে নদীর প্রবল স্রোতে ভেসে যান কনস্টেবল কে ভেনু। অন্যদিকে জিতেন্দ্র যাদব সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পরপরই নিখোঁজ সদস্যকে উদ্ধারে দ্রুত অভিযান শুরু হয়। খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

নিখোঁজ কনস্টেবল কে ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তাকে উদ্ধারে জোরেশোরে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন