কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন, যাদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালীর জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে বাকি একজনের পরিচয় জানা সম্ভব হয়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আবেস জানান, ঈদগাঁও থানার সামনে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চারজন নিহত হয়েছেন এবং এ সময় আহত হয়েছেন আরও দুজন।
এদিকে, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকেই প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
