অনলাইন ডেস্ক:
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে এ সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থী ননী কুমার সাহা আহত হন।
আহত ননী কুমার সাহা জানান, “আমরা সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম, তখন সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। এছাড়া, আরও কয়েকজন আহত হয়েছেন এবং তারা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।











