ঢাকা থেকে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম অপু

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার (১৭ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে। ঝিনাইদহ জেলা পুলিশ জানায়, বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন।

ডিবি পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হচ্ছে এবং আজ (সোমবার) সকালে আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শফিকুল ইসলাম। তবে ২০১৪ সালে পরবর্তী নির্বাচনে পরাজিত হন তিনি। ২০২৪ সালের ২৪ মার্চ আব্দুল হাইয়ের মৃত্যুর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতির পদটি শূন্য হলে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন দেওয়া হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান, শফিকুল ইসলাম বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তাকে আইনি প্রক্রিয়ার জন্য ঝিনাইদহে আনা হচ্ছে।