বিকেলেই বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন কোথায়?

নিজস্ব প্রতিবেদক:

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন আজ বিকেলে বঙ্গভবন ছাড়ছেন বলে জানা গেছে। তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সপরিবারে নিয়ে উঠার কথা রয়েছে।

 

আজ রোববার সকালে বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুলশানের বাসায় উঠবেন। সেই বাসা প্রস্তুত করা হয়েছে।

 

এদিকে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শনিবার রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে আক্রান্ত হন তিনি। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

 

সাবেক রাষ্ট্রপতি গণমাধ্যমকে বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছিল। গুলশানের বাড়িটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

 

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন।

 

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে হিসেবে বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

 

বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বঙ্গভবনে উঠছেন না। তিনি তার স্পিকারের বাসভবনেই থাকছেন। তবে অফিস করবেন বঙ্গভবনে। এজন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে থেকেই গত শুক্রবার জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

 

গত শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান।