ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে দলটির পক্ষ থেকে জানানো হয়, এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং সদস্যসচিব করা হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে।

রোববার রাতে বিএনপির সহ–দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। সেই কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর বিএনপির এই গুরুত্বপূর্ণ শাখা নতুন নেতৃত্ব পেল।

নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে, নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ইতিপূর্বে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্বও সফলভাবে পালন করেছেন।