ঢাবি ভিপি প্রার্থী ছুরিকাঘাতে অভিযুক্ত, গ্রেপ্তার ও বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে। অভিযোগ অনুযায়ী, জালাল তার রুমমেট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ এবং হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে যান। প্রাধ্যক্ষ জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন এবং জানান, তার ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে শাহবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, “হল ও প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে হেফাজতে নেওয়া হয়েছে এবং রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং প্রশাসনের ‘উদাসীনতা’র অভিযোগ তোলে। অনেকেই দাবি করেন, জালালের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান।

প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।”