তাইওয়ানের শপিং মলে বিস্ফোরণে নিহত ৫, আহত ৭

অনলাইন ডেস্ক:

তাইওয়ানের তাইচুং শহরের একটি শপিং মলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে শহরের জিতুন এলাকায় অবস্থিত শিন কং মিতসুকোশি মলের ১২ তলায় এই বিস্ফোরণটি ঘটে।

এটি ঘটে যখন ফুড কোর্টে গ্যাস ট্যাংক প্রতিস্থাপন করা হচ্ছিল এবং সন্দেহভাজন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছিল। তাইওয়ানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই সময় ফুড কোর্টটি নির্মাণ কাজের জন্য বন্ধ ছিল। ঘটনাস্থলে উপস্থিত মেয়র লু শিও-ইয়েন সাংবাদিকদের জানান, উদ্ধার অভিযান চলছে এবং ভবনের বিকল লিফটে লোকজন আটকা পড়ার খবর পাওয়া গেছে।

তাইচুং ফায়ার ব্যুরো জানায়, তারা সকাল ১১টা ৩৩ মিনিটে বিস্ফোরণের খবর পায় এবং দ্রুত অগ্নিনির্বাপক কর্মী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

তাইচুং শহরের স্থানীয় সরকার গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়কে সক্রিয় ভূমিকা নিতে নির্দেশ দিয়েছেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস