তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ কোনো ধরনের ধারালো বা আঘাতকারী বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও পটকা ফোটানোও। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে আশুরার কর্মসূচি সম্পন্ন করতে এ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনার কথা জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় ডিএমপি কমিশনার বলেন, “পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।” তিনি আরও বলেন, “মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।”

 

আশুরার কেন্দ্রীয় আয়োজনস্থল হোসাইনী দালান ইমামবাড়াকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, “হোসাইনী দালান ইমামবাড়া পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। যে কোনো দুর্ঘটনা প্রতিরোধে পুরো এলাকা ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।”

 

তিনি আরও জানান, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে।

 

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশুরা উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

 

সভায় আয়োজক প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস এবং সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে তারা মতামত দেন।

 

এ ছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।