ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশান বাসায় তল্লাশি ও ভাঙচুর: তিনজন আটক

প্রকাশিত: 5 March 2025, 6:55 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উসকানি দিয়েছেন বাসার সাবেক কেয়ারটেকার শাকিল আহমেদ।

বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখার অভিযোগের ভিত্তিতে ৪ মার্চ মধ্যরাতে ২০ থেকে ২৫ জন লোক সেখানে প্রবেশ করে তল্লাশির নামে বাসাটি তছনছ ও ভাঙচুর করার চেষ্টা করে।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টায় গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। তাদের উপস্থিতিতে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—জুয়েল খন্দকার (৪৮), তার ছেলে শাকিল খন্দকার (২৪), এবং শাকিল আহমেদ (২৮)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাসার কেয়ারটেকার ছিলেন। তিনি জনতাকে বাসায় বিপুল অর্থ পাওয়া যাবে বলে তথ্য দিয়ে তল্লাশির জন্য উসকানি দিয়েছেন।

এছাড়া, একই কারণে আরও একদল লোক বাসাটিতে প্রবেশের চেষ্টা করেছিল, তবে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় পুনরায় সতর্ক করেছে এবং আইন নিজের হাতে না নিতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন