তামান্না নুসরাত বুবলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ পুলিশ তাকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তামান্না নুসরাত বুবলীকে গত ২৮ সেপ্টেম্বর মিরপুর থেকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের কয়েকজন দুষ্কৃতকারী অবৈধ মিছিল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পরদিন তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়।