অনলাইন ডেস্ক:
তুরস্কের বলুর অঞ্চলের একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ভোর ৩টা ২৭ মিনিটে ১২ তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্টাল হোটেলে আগুন লাগার পর এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলমান এবং ২৩৪ জন অতিথি তখন হোটেলটিতে অবস্থান করছিলেন।
বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছেন, আগুনের সূত্রপাত চতুর্থ তলার রেস্তোরাঁ অংশ থেকে এবং তা দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা গেছে, কয়েকজন লোক জানালা দিয়ে ঝুলন্ত দড়ি ব্যবহার করে ভবন থেকে পালানোর চেষ্টা করেছেন।
গভর্নর আরও বলেন, হোটেল কর্তৃপক্ষ তদন্ত করছে, যাতে এটি নিশ্চিত করা যায় যে, আগুন ছড়িয়ে পড়ার পর অতিথিরা তাদের কক্ষে আটকা পড়েছিলেন কিনা। তাছাড়া, হোটেল এবং বলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নেয়।











