নিজস্ব প্রতিবেদক:
রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার সকালে রাজধানীর বোট ক্লাবে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি বিভিন্ন গোষ্ঠী নিজেদের দাবি আদায়ের জন্য রাজপথ দখল করছেন, যা বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট এবং রামপুরা সড়কে বড় ধরনের যানজট সৃষ্টি করছে। তবে তিনি মনে করেন, দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়। এ বিষয়ে তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে খোলা মাঠ কিংবা নির্ধারিত সভাস্থল বেছে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বাহিনী এখন সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে।
পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে ডিএমপি কমিশনার জানান, গত ১৫ বছরে পুলিশের আচরণে যে ধরনের অভিযোগ এসেছে, সেখান থেকে বের হয়ে নতুনভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে ৪০ হাজার পুলিশ সদস্যকে হঠাৎ পরিবর্তন করা সম্ভব নয়; এজন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজধানীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, এই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
সভায় পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা আনার বিষয়ে গুরুত্ব আরোপ করে কমিশনার বলেন, সবার সহযোগিতায় পুলিশ বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।











