দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক:

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে দুর্নীতির মামলায় জামিন দেয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে তার আবেদনের শুনানি আজ ৩ মাসের জন্য মুলতবি করা হয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে জেসমিনের পক্ষে সিনিয়র আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল এবং দুদকের পক্ষে এডভোকেট আসিফ হোসাইন শুনানি করেন।

২০১৯ সালের ১০ মার্চ জেসমিনকে ভুয়া লেটার অব ক্রেডিট (এলসি) খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাইকোর্ট জামিন প্রদান করে। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে ২০১৯ সালের ১৬ জুন জেসমিনকে ৪ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

এরপর ২০২২ সালের ৩০ আগস্ট হাইকোর্ট জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে নতুন করে জামিন চেয়ে আবেদন করেন জেসমিন।