রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটা শো-রুমে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বাসস’কে জানান, খবর পাওয়ার পর মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে রাত ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নেভানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাসস’কে জানান, অগ্নিকাণ্ডের স্থানে বাটার শো-রুমের দোকানটি নিচতলায় ছিল, এবং উপরের দুটি রেস্টুরেন্টে ক্ষয়ক্ষতি হয়েছে।











